প্রবাসীদের জন্য ভিন্ন এনআইডি গাইডলাইন নিয়ে ভাবছে ইসি

ঢাকাঃ প্রবাসী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংশ্লিষ্ট দেশে প্রদান করতে উদ্যোগ নেয়া হলেও, এখনো কোন নির্দিষ্ট গাইডলাইন নেই। ফলে কেবল নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের ভিত্তিতে এ কার্যক্রম চলছে, যা প্রবাসীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ইসি প্রবাসীদের সেবা কার্যক্রম ত্বরান্বিত করতে আলাদা গাইডলাইন তৈরি করার কথা ভাবছে।
ইসি কর্মকর্তা সূত্রে জানা যায়, বর্তমানে ৭টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি এমন ৪০টি দেশে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় প্রবাসীরা সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যায় পড়ছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে কর্মকর্তারা কমিশনের কাছে প্রবাসী নাগরিকদের জন্য আলাদা গাইডলাইনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রস্তাব করেন, বিদেশে দূতাবাসগুলোতে এনআইডি সেবা দেয়ার জন্য কর্মী নিয়োগ এবং সেবা চার্জ নির্ধারণ করা হোক।
এ বিষয়ে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ূনী কবীর গণমাধ্যমকে বলেন, “প্রবাসীদের জন্য বিষয়টা আলাদা। এজন্য এটি বিবেচনা করার দাবি রাখে। কি হবে তা সেবাগ্রহীতাদের চাহিদার ওপর নির্ভর করবে এবং যেসব সমস্যার সমাধান দরকার, সেগুলো চিহ্নিত করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।”
তথ্যমতে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে এসব দেশে স্মার্টকার্ড বিতরণও শুরু হয়েছে। পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া ও মালদ্বীপে এনআইডি কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
-B










