ই-পাসপোর্ট থাকলেই ব্যবহার করা যাবে ই-গেট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুন) থেকে চালু হয়েছে ই-গেট (ইলেকট্রনিক গেট)। এটি একটি স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা। বাংলাদেশের নাগরিক যাদের ই-পাসপোর্ট রয়েছে তাদের সবাই ই-গেট ব্যবহার করে নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে কূটনীতিক, সিআইপিসহ বিশেষ শ্রেণির ব্যক্তিরা প্রাথমিকভাবে ই-গেট ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছিল। মঙ্গলবার ই-গেট উদ্বোধনের পর থেকেই অনেকের মধ্যেই প্রশ্ন ছিল যে তারা আদৌ ই-গেট ব্যবহার করতে পারবেন কি না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ই-পাসপোর্ট ব্যবহারকারী প্রত্যেকেই ই-গেইট ব্যবহার করতে পারবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘যাদের কাছে ই-পাসপোর্ট রয়েছে কেবল তারাই এটি ব্যবহার করতে পারবেন। তবে বিশেষ কোন শ্রেণির জন্য নয় বরং ই-পাসপোর্টধারী প্রত্যেকের জন্য ই-গেট উন্মুক্ত। যাত্রীরা নিজেই ১৮ সেকেন্ডের মধ্যে নিজের ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং ব্রিজের দিকে যাবেন।’
বাংলাদেশে ২০২০ সালে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকায় ১২টি এবং আগমনী এলাকায় ৩টি ই-গেট স্থাপন করা হয়। তবে নানা কারণে এগুলো এতদিন সচল করা হয়নি।
ই-গেটগুলো স্থাপনের পরপরই ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (বহির্গমন শাখা-১) ই-গেট নিয়ে একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়, প্রাথমিকভাবে বাংলাদেশি ই-পাসপোর্টধারী কূটনৈতিক, অফিসিয়াল ই-পাসপোর্টধারী সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা (সিআইপি), সেরা করদাতা কার্ডপ্রাপ্ত ই-পাসপোর্টধারী ব্যক্তিরা, ই-পাসপোর্টধারী পাইলট ও ক্রুরাই কেবল ই-গেট ব্যবহার করতে পারবেন। তবে উদ্বোধনের সময় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে পরিপত্রটির কার্যকারিতা নেই। তাই প্রত্যেকে ই-পাসপোর্টধারী ব্যক্তি ই-গেট ব্যবহার করতে পারবেন।
-B










