ঢাকা-কায়রো ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার

বাংলা নতুন বছরের শুরুতে ইজিপ্ট ইয়ারের ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইটের উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ঈদুল ফিতরের পর ফ্লাইটটি চালু হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মিসরের হোটেল শেরাটনে বাংলা নববর্ষ উদযাপনকালে এ সুখবরটি দেন মিসরে বাংলাদেশী রাষ্ট্রদূত মনিরুল ইসলাম এবং আলো অ্যাভিয়েশনের সিইও সাঈদ আলী শামী।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিসর ট্যুরিজম বিষয়ক উপমন্ত্রী গাদা আল শাহালবি। এতে আমন্ত্রিত ছিলেন প্রবাসী কমিউনিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মিসরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
বাংলাদেশে ইজিপ্ট ইয়ারের সিইও এবং বাংলাদেশ আলো অ্যাভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আল শামী বলেন, আমরা গর্বিত, মিসর প্রবাসীদের দীর্ঘ দিনের একটি দাবি পূরণ হচ্ছে। আমরাও চাই মিসরের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হোক। তারই অংশ হিসেবে আমরা ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট পরিচালনার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং ঈদুল ফিতরের পরই আমরা ফ্লাইট পরিচালনা করতে পারব বলে আশা করছি।
তা ছাড়া আমরা কানেক্টিং ফ্লাইট হিসেবে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, টরেন্টো, ফ্রান্স, ইতালি ছাড়াও আমরা ইউরোপীয় বিভিন্ন দেশকে সংযুক্ত করতে সক্ষম হবো।
প্রধান অতিথির বক্তব্যে মিসর ট্যুরিজমের উপমন্ত্রী গাদা আল শালাবি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতার পর থেকে মিসর বাংলাদেশের অটুট সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সাথে শুধু ফ্লাইট নয়, কিভাবে সাংস্কৃতিক বিনিময় করা যায়; এ নিয়েও আমরা কাজ করছি।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম জানান, প্রবাসীদের দীর্ঘ দিনের লালিত একটি স্বপ্ন যা পূরণ করতে পেরে সত্যি অন্য রকম একটি অনুভূতি কাজ করছে। এর মাধ্যমে বাংলাদেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতে বিদেশী পর্যটকদের আরো আকর্ষিত করতে সম্ভব হবে এবং এর মাধ্যমে সময় ও অর্থ দুটোই বাঁচবে।
বর্ষবরণের এ অনুষ্ঠানে উপস্থিত বিদেশী ও দেশী মেহমানদের জন্য বাঙালি বাহারি রকমের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান একপর্যায়ে ইজিপ্ট ইয়ারের প্রতিনিধি ওসামা হেদা, রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, ভাইস মিনিস্টার গাদা আল শালাবি কেক কাটার মাধ্যমে ফ্লাইট পরিচালনার উদ্বোধন ঘোষণা করেন।
-B










