দিল্লি-দোহা যাত্রীবাহী উড়োজাহাজের জরুরি অবতরণ করাচিতে

যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশ থেকে গতিপথ বদল করতে হয়েছে ভারতের দিল্লি থেকে দোহাগামী যাত্রীবাহী উড়োজাহাজের। পরে তা পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্লেনটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর সেখানেই অপেক্ষা করতে বলা হয়। এর ফলে যাত্রীরা আতঙ্কিত, ক্ষুব্ধ। তবে কাতার এয়ারওয়েজের তরফে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে।
জানা গেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে রাস্তা বদল হয়েছে। হঠাৎ রাস্তা বদলে সেটিকে করাচির দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ভোর ৩.৫০ নাগাদ দিল্লি থেকে রওনা হয়েছিল দোহাগামী উড়োজাহাজটি। সাড়ে ৫টা নাগাদ বিমানটি আচমকাই করাচি বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯ টা পর্যন্তও যাত্রীদের বিমানবন্দরেই বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। কারও কারও দোহা থেকে কানেক্টিং ফ্লাইট ধরার কথা ছিল। তাঁরা খুবই অসুবিধায় পড়েছেন বলে অভিযোগও করেছেন।
আচমকা বিমানটির গতিপথ বদলের জেরে অত্যন্ত ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের অজ্ঞাতে এই পরিবর্তন অনেক অসুবিধা তৈরি করেছে বলে অভিযোগ।
সমীর গুপ্তা নামে এক যাত্রী টুইটে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, ”QR579 বিমানটির গতিপথ সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না। বিমানে কোনও খাবার, জল কিছুই দেওয়া হয়নি। আমরা সম্পূর্ণ অন্ধকারে, সাহায্য চাইছি।” অনেকেই অভিযোগ করছেন, বাচ্চাদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা করাচি বিমানবন্দরে বসে থাকা অত্যন্ত কষ্টকর। কখন সমাধান হবে, তা নিয়ে চিন্তিত সকলে।
-B










