রেকর্ড মুনাফা করল এমিরেটস

এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ শুক্রবার (১২ মে) দুবাইয়ে তাদের ২০২২-২৩ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ ছিল এমিরেটস গ্রুপের জন্য সর্বাধিক লাভজনক একটি বছর।
গত ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে এমিরেটস এয়ারলাইন রেকর্ড পরিমাণ ২ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। অথচ গত বছর এয়ারলাইনটির লোকসানের পরিমাণ ছিল এক বিলিয়ন ডলার। এ সময় আগের বছরের তুলনায় এয়ারলাইনটি রাজস্ব আয় ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২২-২৩ অর্থবছরে এমিরেটসের মোট যাত্রী ও কার্গো পরিবহণ ক্ষমতা ৩২ শতাংশ বৃদ্ধি পায়। এ সময় এয়ারলাইনটি ৪৩ দশমিক ৬০ মিলিয়ন পরিবহন করে এবং সিট ক্যাপাসিটির প্রবৃদ্ধি ছিল ৭৮ শতাংশ। গত অর্থবছরে প্যাসেঞ্জার সিট ফ্যাক্টর বৃদ্ধি পেয়ে ৭৯ দশমিক ৫০ শতাংশে দাঁড়ায় যা আগের বছর ছিল মাত্র ৫৮ দশমিক ৬০ শতাংশ। এমিরেটসের কার্গো পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো গত বছর ৪ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে। এর আগের বছর করোনা মহামারিকালে ব্যতিক্রমী রাজস্ব আয়ের তুলনায় এটি ২১ শতাংশ কম। বছর শেষে এয়ারলাইনটির নগদ সম্পদের পরিমাণ ছিল ১০ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেশি।
অন্যদিকে এমিরেটস গ্রুপও রেকর্ড পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। এর আগের বছর গ্রুপটি ১ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল। পূর্ববর্তী বছরের তুলনায় রাজস্ব আয় ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩২ দশমিক ৬০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। গ্রুপের ক্যাশ ব্যালেন্স বছর শেষে ছিল ১১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা একটি রেকর্ড এবং পূর্ববর্তী বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি।
এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এ সাফল্যের কারণ উল্লেখ করে বলেন, ‘করোনার কারণে বিধিনিষেধগুলো উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভ্রমণ শিল্পে একটি তেজি ভাব আমরা আগে থেকেই অনুমান করতে পারছিলাম এবং আমরা গ্রাহকদের সেবা প্রদানের জন্য দ্রুততার সঙ্গে কার্যক্রম বিস্তারেও প্রস্তুত ছিলাম। এছাড়া ব্র্যান্ড, প্রোডাক্ট ও সার্ভিসে আমাদের অব্যাহত বিনিয়োগের ফলে আমরা গ্রাহকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছি, যা মার্কেটে আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।’
অন্যদিকে অপর অঙ্গপ্রতিষ্ঠান ডানাটার মুনাফা পূর্বপর্তী বছরের তুলনায় ২০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মুনাফার পরিমাণ ছিল ৯০ মিলিয়ন মার্কিন ডলার। ডানাটার রাজস্ব আয়ের পরিমাণ ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
গত ২০২২-২৩ অর্থবছরে এমিরেটস গ্রুপের জনবল ২০ শতাংশ বৃদ্ধি পায় এবং বছর শেষে গ্রুপটিতে ১৬০ জাতির এক লাখ দুই হাজার ৩৭৯ জন কর্মরত ছিলেন। এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন যাত্রীরা।
-B










