বোয়িংয়ের ৯৫টি এয়ারক্রাফট কিনবে এমিরেটস

দুবাই : মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং করপোরেশনের কাছ থেকে আরো ৯৫টি নতুন এয়ারক্রাফট কিনবে এমিরেটস এয়ারলাইনস। এ লক্ষ্যে সম্প্রতি দুবাই এয়ারশোতে ৫ হাজার ২০০ কোটি ডলারের অর্ডার ঘোষণা করেছে কোম্পানিটি।
এমিরেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, এ ক্রয়াদেশ একটি উল্লেখযোগ্য বিনিয়োগ, যা উড়োজাহাজ পরিষেবা খাতে দুবাইয়ের দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন।
বোয়িং ৭৭৭-৯এস মডেলের ৫৫ ও ৭৭৭-৮এস মডেলের ৩৫টি এয়ারক্রাফট অর্ডার করা হয়েছে। একই সঙ্গে ৭৮৭ ড্রিমলাইনারের অর্ডার ৩০টি থেকে বাড়িয়ে ৩৫টি করা হয়েছে। এছাড়া আলাদাভাবে বাজেট ক্যারিয়ার ফ্লাইদুবাই ৩০টি বোয়িং ৭৮৭-৯এস অর্ডার করেছে।
সর্বশেষ চুক্তির মাধ্যমে ২০৫টি ৭৭৭এক্স মডেলসহ এমিরেটসের মোট অর্ডার বুকিং ২৯৫টিতে উন্নীত হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এয়ারলাইনসটি ৭৭৭এক্স ফ্লিট চালু করার জন্য ২০২টি জিই৯এক্স ইঞ্জিনেরও অর্ডার করেছে।
শেখ আহমেদ বলেন, ‘৭৭৭-৯এস মডেলের এয়ারক্রাফট ২০০৫ সালে ও ৭৭৭-৮এস মডেলের এয়ারক্রাফটগুলো ২০৩০ সালের মধ্যে ডেলিভারি দেয়া হবে বলে আশা করছি।’
প্রসঙ্গত, এমিরেটস গ্রুপ গত সপ্তাহে তাদের অর্ধবার্ষিক নিট আয়ের তথ্য প্রকাশ করেছে। সেখানে কোম্পানিটির আয় হয়েছে ২৭০ কোটি ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১৩৮ শতাংশ বেশি। মূলত আকাশপথে আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ বাড়ায় এ প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এয়ারলাইনসটি এর আগে কভিড মহামারির সময় লোকসানের মধ্যে পড়েছিল।
ওই সময় ২০২০-২১ অর্থবছরে ৩৫০ কোটি ডলার লোকসান করে তারা।
-B










