ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত এমিরেটস এয়ারলাইন্সের

পহেলা মে থেকে পাঁচটি ফ্লাইট পরিষেবার চালুর ঘোষণা দিয়েছে এমিরেটস।
কোভিড মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ পরিবহন খাত।
সম্প্রতি বিধিনিষেধ শিথিল হওয়ায় আবারো পুরোদমে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি এমিরেটস জানিয়েছে, চলতি বছরের ১ মে থেকে ইন্দোনেশিয়ার বালি, ১ আগস্ট থেকে লন্ডন স্টানস্টেড বিমানবন্দর, ২ নভেম্বর থেকে রিও ডি জেনিরো ও বুয়েনস এইরেসে পরিবহন পরিষেবা আবারো চালু হবে। এছাড়া ভোক্তা চাহিদা পূরণে নাইজেরিয়া, মরিশাস ও সিঙ্গাপুরে পরিষেবা কার্যক্রমের পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৃহত্তম এয়ারলাইনসটি।
ফ্লাইটগুলোয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করা হবে। এছাড়া চলতি বছরের জুলাই থেকে বালি পর্যন্ত দৈনিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
দৃষ্টিনন্দন পর্বত, সমুদ্রসৈকত ও সাংস্কৃতিক আবেদনের জন্য বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য বালি।
-B










