মাঝ আকাশে ইঞ্জিন বিকল, কলকাতায় জরুরি অবতরণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা থেকে ব্যাংককগামী স্পাইসজেটের একটি উড়োজাহাজ।
ব্যাংককের উদ্দেশ্যে কলকাতা থেকে ওড়ার ১৭ মিনিটের মাথায় তীব্র ঝাঁকুনি দিয়ে একটি ইঞ্জিন বিকল হয়ে যায় উড়োজাহাজটির। এরপরেই বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন পাইলট।
জানা যায়, উড়োজাহাজটিতে ১৭৮যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। কলকাতা বিমানবন্দরের সূত্র জানায়, সোমবার রাত ১টা ৯ মিনিটে কলকাতা থেকে টেক অফ করে উড়োজাহাজটি। স্পাইস জেটের উড়োজাহাজটি ওড়ার ১৭ মিনিটের মধ্যেই পাইলট ডানদিকের ইঞ্জিনে ব্যাপক ঝাঁকুনি অনুভব করেন। মাঝআকাশে ওই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তারপরেই ইমার্জেন্সি ল্যান্ডিং অর্থাৎ জরুরি অবতরণের কথা ঘোষণা করা হয়। শেষে বাঁ দিকের একমাত্র সচল ইঞ্জিনে ভর করেই মাঝআকাশ থেকে মুখ ঘুরিয়ে রাত দেড়টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে স্পাইস জেটের উড়োজাহাজটি।
পরে স্পাইস জেট জানায়, টেক অফের সময় ইঞ্জিনের ব্লেড ভেঙে মূলত সমস্যার সূত্রপাত। জরুরি অবতরণের পরেই উড়োজাহাজটিকে আপাতত গ্রাউন্ডেড করা হয়েছে। পরে যাত্রীদের সকাল ৭টার দিকে আরেক উড়োজাহাজে তাদের গন্তব্যে পাঠানো হয়।
-B










