ইঞ্জিনে আগুন, সিঙ্গাপুরে চীনা উড়োজাহাজের জরুরি অবতরণ

ঢাকা : চীনের পতাকাবাহী উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার চায়নার একটি ফ্লাইট ১০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জরুরি অবতরণ করে। ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার কারণে উড়োজাহাজটি অবতরণ করা হয়। এ ঘটনায় ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট সিএ৪০৩ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। এ সময় বাম ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।
বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। এরপর সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাম ইঞ্জিনের আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।
সিঙ্গাপুরের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএস) জানিয়েছে, ফ্লাইটটিতে ১৪৬ জন যাত্রী এবং নয়জন ক্রু ছিল। ৯ জন যাত্রী ধোঁয়ায় শ্বাস নেওয়া এবং সরিয়ে নেওয়ার সময় ঘর্ষণজনিত কারণে সামান্য আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জেট ফুয়েলের দাম বাড়লো লিটার প্রতি ১২ টাকা
সিএএএস জানিয়েছে, এই ঘটনার কারণে রানওয়েটি সংক্ষিপ্তভাবে বন্ধ করে দেওয়া হয়। একটি ফ্লাইটের গতিপথ ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপে ঘুরিয়ে দেওয়া হয়ে। এছাড়া ট্রান্সপোর্ট সেফটি ইনভেস্টিগেশন ব্যুরো ঘটনাটি তদন্ত করছে এবং সাহায্যের জন্য চীনাদের সঙ্গে যোগাযোগ করে।
এদিকে এ বিষয়ে জানতে এয়ার চায়নার সঙ্গে যোগাযোগ করেছে বিভিন্ন বার্তা সংস্থা কিন্তু কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
-B










