উড্ডয়নের আগ মুহূর্তে ইঞ্জিনে আগুন - বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ব্রাজিলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। আকাশে ওড়ার আগে উড়োজাহাজটির ইঞ্জিন আগুন ধরে যায়। এরপর উড়োজাহাজটির যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।
ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত ৪ মে। ব্রাজিলের এয়ারলাইন্স সংস্থা ‘গোল লিনহাস এরিয়াস ইন্টেলিজেন্টেস’ এর একটি উড়োজাহাজ রিও ডি জেনেইরোর স্যান্টোস বিমানবন্দর থেকে পোর্তা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। টেক অফের কিছুক্ষণ আগে ইঞ্জিনে আগুন ধরে যায়।
উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। ফ্লাইটটির প্রত্যেক যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, ইঞ্জিনের আগুন লাগার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক যাত্রী। নিমেষে সেটা ভাইরাল হয়। ভিডিয়োটিতে উড়োজাহাজটির ইঞ্জিনটিতে আগুন জ্বলতে দেখা গেছে। যাত্রীরা নিরাপদে নেমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেটিজেনরা।
এদিকে, ব্রাজিলের একটি সংবাদমাধ্যম ঘটনার জন্য প্রযুক্তিগত সমস্যাকে দায়ি করেছে। আকাশে ওড়ার কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটনায়, বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। উড়োজাহাজের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের জেরে স্যান্টোস বিমানবন্দরে এক ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
এদিকে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যাটি সময়মতো শনাক্ত করায় বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। এ ব্যাপারে উড়োজাহাজের পাইলট ও ক্রুদের ভূমিকারও প্রশংসা করা হয়েছে সংস্থাটির তরফে। ইঞ্জিনের অগ্নিকাণ্ডের ঘটনায় চরম অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা।
পরবর্তী উড়োজাহাজের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের। পরে যাত্রীদের নিয়ে নির্বিঘ্নে গন্তব্যস্থলের দিকে রওনা হয় উড়োজাহাজটি। অনুরূপ একটি ঘটনা ঘটেছিল গত এপ্রিল মাসের শেষের দিকে। মাঝ আকাশে একটি উড়োজাহাজে হঠাৎ আগুন ধরে যায়।
ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালে ওহিও বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। আমেরিকা এয়ারলাইন্সের উড়োজাহাজটি কলম্বাস বিমানবন্দর থেকে ফিনিক্সের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। মাঝ আকাশে একটি পাখি ইঞ্জিন ধাক্কা মারলে, আগুন ধরে গিয়েছিল।
বাধ্য হয়ে ওহিও বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে, দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত যাত্রীদের উড়োজাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল।
-B










