ইংল্যান্ডে প্রবেশে কভিড নেগেটিভ টেস্ট লাগবে
চীন থেকে কোনো যাত্রী বা অধিবাসী যদি ইংল্যান্ডে প্রবেশ করতে চায় তাহলে তাদের কাছে কভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার আগেই নেগেটিভ সনদ দিতে হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের কর্তৃপক্ষ।
কভিড টেস্টের এ বাধ্যবাধকতা শুধু ইংলিশ বিমানবন্দরে আসা চীনা যাত্রীদের জন্য প্রযোজ্য। তবে চীন থেকে যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চল যেমন স্কটল্যান্ড, ওয়েলস বা উত্তর আয়ারল্যান্ডে সরাসরি ফ্লাইট নেই। এজন্য ইংল্যান্ড কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তটি চীনাদের জন্য পুরো যুক্তরাজ্যেই প্রযোজ্য হতে যাচ্ছে।
সম্প্রতি বেইজিং জিরো কভিড নীতি শিথিল করার সিদ্ধান্ত নেয়। দেশটিতে এর পর পরই কভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে, চীন থেকে আসা ভ্রমণকারীদের পরীক্ষা করা হবে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ জানুয়ারি তাদের সীমান্ত পুনরায় উন্মুক্ত করতে যাচ্ছে। চীনের ঘোষণার পরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ বেশ কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের জন্য কভিড টেস্ট বাধ্য করেছে।
-B










