গাড়ি উৎপাদন স্থগিত করেছে এভারগ্র্যান্ড

নতুন ক্রয়াদেশ না পাওয়ায় নিজের একমাত্র মডেলের গাড়ি উৎপাদন স্থগিত করেছে এভারগ্র্যান্ড।
পর্বতসম ঋণে জর্জরিত চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন প্রতিষ্ঠানটি নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ অবস্থায় সংস্থাটির বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) ইউনিট উৎপাদন স্থগিত করল।
এভারগ্র্যান্ড নিউ এনার্জি অটো সেপ্টেম্বরের মাঝামাঝিতে জানিয়েছিল, চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনের একটি কারখানায় বড় পরিসরে হেংচি ফাইভ মডেলের গাড়ি উৎপাদন শুরু করা হয়েছে। এরপর অক্টোবরের শেষ দিকে সংস্থাটি প্রথম ১০০ ইউনিট গাড়ি সরবরাহের ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পর্যাপ্ত নতুন ক্রয়াদেশ না পাওয়ায় বিদ্যুচ্চালিত স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) উৎপাদন স্থগিত করেছে এভারগ্র্যান্ড। অনেক কর্মী এখনো অক্টোবর ও নভেম্বরের বেতন পাননি। তবে বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিষ্ঠানটি।
কর্মকর্তারা বলেন, স্বল্প পরিসরে গাড়ি উৎপাদন চলছে। এ অবস্থায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার পাশাপাশি এক থেকে তিন মাসের জন্য ২৫ শতাংশ কর্মীর বেতন স্থগিত করা হবে। তবে কত দিন ধরে বড় পরিসরে উৎপাদন স্থগিত থাকবে তা নিশ্চিত করতে পারেননি তারা।
চীনের দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানিটি বিপুল পরিমাণ ঋণভারে জর্জরিত অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে এ খাতে চীনা সরকারের সহায়তামূলক নীতি সংকট উত্তরণের আশা দেখাচ্ছে। এ অবস্থায় ইভি ব্যবসার মাধ্যমে ব্যবসায়িক রূপান্তর পরিকল্পনা ঘোষণা করেছিলেন এভারগ্র্যান্ড গ্রুপের চেয়ারম্যান হুই কা ইয়ান।
তিনি ১০ বছরের মধ্যে গ্রুপের মূল ব্যবসাকে রিয়েল এস্টেট থেকে অটোমোবাইলে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে বার্ষিক ১০ লাখ ইউনিট ইভি বিক্রি করা। তবে ক্রয়াদেশের অভাবে সংস্থাটি গাড়ি উৎপাদন স্থগিত করায় এ লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
-B










