বিডা ও ভারত চেম্বারের মধ্যে মতবিনিময় সভা

বিডার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভারতের ব্যবসায়ীদের সংগঠন ভারত চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিডা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
মতবিনিময় সভায় বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগের বিভিন্ন খাত, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিডার সার্বিক কর্মকাণ্ড নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বিডার মহাপরিচালক শাহ মোহম্মদ মাহাবুব।
এ সময় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ‘গত এক যুগে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারী সত্ত্বেও দারুণ সফলভাবে কভিড-১৯ মোকাবেলা ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্যে পরিণত করেছে। বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের বৃহৎ এবং ক্রমবর্ধমান বাজার। আমাদের মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যাও দিন দিন বাড়ছে, এছাড়া আমরা এরই মধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল, ২৭টি হাই-টেক পার্ক স্থাপনসহ নানাবিধ বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ করেছি। ফলে বাংলাদেশ এক দশক পরই একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই বাংলাদেশে বিনিয়োগ করার এখনই সেরা সময়।’
এ সময় ভারত চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এন জি খইতান বাংলাদেশের ক্রম উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘ভারত-বাংলাদেশ সবসময় বন্ধুপ্রতিম রাষ্ট্র। গত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। ভারতীয় বিনিয়োগকারীরা সব সময়ই বাংলাদেশের এ উন্নয়নের সহযোগী হতে আগ্রহী।’
সভায় ভারত চেম্বার অব কমার্সের সেক্রেটারি অভিক রায় বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো যাচাইয়ের জন্য আমরা চারদিনের সফরে বাংলাদেশে এসেছি। এ সময় বিনিয়োগের জন্য বিভিন্ন খাত যাচাই করব।’
-B










