ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি

ঈদ সামনে রেখে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বনবিভাগ।
একইসঙ্গে সুন্দরবনের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষা এবং ইকোট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, দেশের সমগ্র সংরক্ষিত বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন জীববৈচিত্র্যের আধার। সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় পূর্ব অনুমতি ছাড়া সংরক্ষিত এই বনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা থাকা শর্তেও কাঠ পাচারকারী ও চোরা শিকারিরা অবৈধ পথে বেশ করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করার চেষ্টা করে থাকে। ঈদ উপলক্ষে মৌসুমী হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে।
ছয় হাজার সতের বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরা, বানর, গুইসাপসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী ও সরীসৃপ, ৮ প্রজাতির উভয়চরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস।
-B










