এমিরেটস ফ্লাইটে দেখা যাবে ‘কৃষকের ঈদ আনন্দ’

নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত টিভি রিয়েলিটি গেম—শো ‘কৃষকের ঈদ আনন্দ’ আগামী ১ আগস্ট ২০২২ থেকে এমিরেটস ফ্লাইটে উপভোগ করার সুযোগ পাবেন যাত্রীরা।
বিশ্বব্যাপী পরিচালিত সকল এমিরেটস ফ্লাইটে ইংরেজী সাবটাইটেলসহ জনপ্রিয় এই প্রোগ্রামটি যাত্রীরা তাদের আসনের সঙ্গে যুক্ত টিভি পর্দায় দেখতে পাবেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) রাজধানীর চ্যানেল আই স্টুডিওতে সংবাদ মাধ্যম প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার মোহামেদ আল—হাম্মাদী। মতবিনিময় অনুষ্ঠানে শাইখ সিরাজ, বাংলাদেশে এমিরেটসের জনসংযোগ পরামর্শক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মোহামেদ আল—হাম্মাদী জানান যে, “প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন হিসেবে এমিরেটস তাদের ফ্লাইটে ২০০৭ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশী ছায়াছবি প্রদর্শন শুরু করে। অদ্যবধি, প্রায় ১৫০ বাংলাদেশী ছায়াছবি প্রদর্শিত হয়েছে, যার অধিকাংশই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত”।
“এবার এমিরেটস তাদের ইনফ্লাইট প্রোগ্রামের ইনফর্মেশন, কম্যুনিকেশন, এন্টার্টেইনমেন্ট তালিকায় ব্যতিক্রমধর্মী ও জনপ্রিয় এই অনুষ্ঠানটি অন্তর্ভূক্ত করেছে। আমার বিশ্বাস, শুধু বাংলাদেশীই নয় বিভিন্ন দেশের সম্মানিত যাত্রীরা এই অনুষ্ঠানটি উপভোগ করবেন”।
শাইখ সিরাজ তার বক্তব্যে বলেন, “এটা ইমপ্রেস টেলিফিল্মের জন্য একটি বড় অর্জন। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সারা বিশ্বে বিস্তৃত এমিরেটস গ্রাহকদের কাছে আমাদের গ্রামীন ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবো। আশাকরি এমিরেটস ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ এবং সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে সহযোগিতা করে যাবে”।
বাংলাদেশে এমিরেটসের জনসংযোগ উপদেষ্টা কাজী ওয়াহিদুল আলম এমিরেটসকে তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন যে, “আমরা সব সময়ই বাংলাদেশের উজ্জল ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরতে এমিরেটসের সহযোগিতা পেয়েছি। আশাকরি বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী অন্যান্য এয়ারলাইনগুলোও বাংলাদেশী ছায়াছবি ও বিভিন্ন অনুষ্ঠান তাদের ফ্লাইটে প্রদর্শনের সুযোগ করে দিবে”।
অসংখ্য পুরষ্কারে ভূষিত ও অত্যন্ত জনপ্রিয় এমিরেটসের (ইনফর্মেশন, কম্যুনিকেশন, এন্টার্টেইনমেন্ট) এ বর্তমানে ৫,০০০ এর অধিক চ্যানেল রয়েছে, যার মধ্যে প্রায় ১,৫০০ চ্যানেলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতির ছায়াছবি প্রদর্শিত হয়ে থাকে।
প্রতি মাসেই প্রোগ্রাম তালিকা হালনাগাদ করা হয় এবং নতুন ছায়াছবি ও অনুষ্ঠান যুক্ত হয় এমিরেটসের ইন—ফ্লাইট বিনোদন ব্যবস্থায়। উল্লেখ্য, বর্তমানে এমিরেটসের এই প্রোগ্রামে মোট ৬টি চ্যানেলে বাংলাদেশী ছায়াছবি ও অনুষ্টান দেখার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকায় ২১টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৩০টি গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা বাংলাদেশ ‘ফার্স্ট ক্লাস’ সেবা অফার করছে।
-B










