ফিলিপিন্সে বিদ্যুৎ বিভ্রাটে ফ্লাইট স্থগিত, আকাশসীমা বন্ধ
ফিলিপিন্সে বছরের প্রথম দিনেই বিদ্যুৎ বিভ্রাটে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ভেঙে পড়ায় বহু ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। অন্যান্য গন্তব্যমুখী এয়ারলাইন্সগুলোর জন্যও দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (১ জানুয়ারী)বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ বলেছে, মোট ২৮২ টি ফ্লাইট হয় বিলম্ব হয়েছে, বাতিল হয়েছে নয়ত সেগুলোকে অন্য অঞ্চলের বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ফ্লাইটে এই বিঘ্নের কারণে ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এনএআইএ) দুর্ভোগ পোহাতে হয়েছে প্রায় ৫৬ হাজার যাত্রীকে।
পরিবহনমন্ত্রী জায়মি বাউতিস্তা যাত্রীদের এই দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছেন। কেন্দ্রীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ভেঙে পড়ার জন্য তিনি বিদ্যুৎ বিভ্রাটকে দায়ী করেছেন। এয়ার ট্রাফিকে বিঘ্ন ঘটায় দেশের অন্যান্য বিমানবন্দরগুলোতেও কার্যক্রম ব্যাহত হয়েছে।
ফিলিপিন্সের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতি দ্রুত উন্নত হওয়া দরকার এবং ব্যাকআপ এর ব্যবস্থাও থাকা দরকার বলে মন্ত্রী উল্লেখ করেন।
গণমাধ্যমে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এটি এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়। সিঙ্গপুরের সঙ্গে যদি আমাদের তুলনা করেন, তাহলে এক্ষেত্রে বড় ধরনের তফাত আছে। তারা (সিঙ্গাপুর) আমাদের চেয়ে অন্তত ১০ বছর এগিয়ে।”
ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আংশিক সচল করা হয়েছে। এতে সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল করতে পারছে।
-B










