যান্ত্রিক ত্রুটি, ৩৪ ঘণ্টা পর ১৭০ যাত্রী নিয়ে উড়ল ফ্লাই দুবাইয়ের ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে ৩৪ ঘণ্টা আটকে ছিলেন মধ্যপ্রাচ্যগামী ১৭০ জন যাত্রী। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিট থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটকে ছিল ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ১৭০ জন যাত্রী নিয়ে দুবাই হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে উড়াল দিতে সক্ষম না হওয়ায় সোমবার রাত ১১টার দিকে ফ্লাইটটি বাতিল করা হয়। এর আগে তিনবার যাত্রী উঠিয়ে আবার নামিয়ে দেওয়া হয়।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭০ জন যাত্রীকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি হোটেলে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে যাত্রীদের ফের নেওয়া হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ত্রুটি ঠিক হলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তাসলিম আহমেদ গণমাধ্যমকে বলেন, ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটিতে ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটি বাতিল করা হয়। পরে বাইরে থেকে একজন প্রকৌশলী আনা হয়। মেরামতের পর ফ্লাইটটি মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায় ।
-B










