আগামী বছর কার্যক্রম আরো বিস্তৃত করবে ফ্লাইদুবাই

আগামী বছর পরিচালন কার্যক্রম দুই অংকের হারে বাড়বে বলে প্রত্যাশা ফ্লাইদুবাইয়ের। কভিড-১৯ মহামারীর পর আকাশপথে ভ্রমণের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এমন প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন দুবাইভিত্তিক উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ঘায়িথ আল ঘায়িথ জানান, স্বল্প ব্যয়ের এ উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানের বর্তমান বহরের আকার, গন্তব্য স্থান, কর্মী ও যাত্রী চলাচল ২০১৯ সালের করোনা মহামারীপূর্ব অবস্থা থেকেও ৮০ গুণ বেশি। বর্তমানে ৭১টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ ১১৪টি গন্তব্যে পরিচালনা করছে এয়ারলাইনসটি। সেই সঙ্গে বিশ্বব্যাপী মোট কর্মীসংখ্যা ৪ হাজার ৬৫০।
আল ঘায়িথ বলেন, ‘এখন চাহিদা অপরিসীম। এর আগে কখনো এত চাহিদা দেখিনি। সেই কারণেই আমরা এত বেশি আশাবাদী। চাহিদা অনুযায়ী আগামী বছরও খুব ভালো হবে। আশা করি, ২০২৪ সালেও একই পরিস্থিতি বজায় থাকবে।’
প্রবৃদ্ধির বিভিন্ন কারণের কথা উল্লেখ করে তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের নভেল করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণ, এক্সপো ২০২০ দুবাই এবং কাতারে ফিফা বিশ্বকাপ আয়োজনের ফলে আঞ্চলিক হিসেবেও বেশ সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি। তাছাড়া সরকারের চালু করা নতুন ভিসা স্কিমের কারণে দুবাইয়ে বাস করা, কাজ করা ও অবসরে যাওয়া সহজ হয়েছে। এ বড় বড় আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে দুবাইকে তুলে ধরা হয়েছে। ফলে নতুন নতুন ব্যবসার প্রবাহ এবং এ অঞ্চলে সফরকারীদের আগমন বাড়ে ব্যাপকভাবে।
যাত্রী চাহিদায় প্রবৃদ্ধি অর্জনের জন্য ফ্লাইদুবাই বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে উড্ডয়নের পরিমাণ, নেটওয়ার্ক ও কর্মীর সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি বহরে আরো ২০টি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট যুক্ত করেছে এবং ১১৪টি গন্তব্য বাড়াতে চেষ্টা করেছে। এ প্রবৃদ্ধি বয়ে আনতে ১ হাজার ৩০০ জন নতুন কর্মীকেও নিয়োগ দেয়া হয়েছে বছরের শুরু থেকেই। যাদের ৮০ শতাংশ কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার ও পাইলট। এর ফলে সব মিলিয়ে ফ্লাইদুবাইয়ের মোট কর্মী সংখ্যা ৪ হাজার ৬৫০ জন ছাড়িয়ে গেল।
-B










