কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে ১৭২ শতাংশ
খোলাবাজারে ডলারের দাম বেশি থাকায় জানুয়ারি-অক্টোবরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন আগের বছরের একই সময়ের তুলনায় ১৭২ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে গত অক্টোবর মাসে মাসিক বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৬০৫ কোটি টাকা।
এই প্রথমবারের মতো ৬০০ কোটি ছাড়িয়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন। সেপ্টেম্বর মাসে এ লেনদেনের পরিমাণ ছিল ৫৮৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম দশ মাসে ব্যাংকের গ্রাহকেরা কার্ডের মাধ্যমে ৩৯০৮ কোটি টাকা সমমানের বৈদেশিক মুদ্রা খরচ করেছে। আগের বছরের একই সময়ে তারা খরচ করেছিল ১৪৩৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে খরচ ২৪৭১ কোটি টাকা বাড়িয়েছেন গ্রাহকেরা। বেশ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, কার্ডে ডলার খরচ করার ক্ষেত্রে ১০৬-১০৭ টাকা রেটে ডলার বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে, মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ১১২ টাকা করে নগদ ডলার বিক্রি করছে। সে হিসাবে খোলাবাজার থেকে নগদ ডলার নিয়ে গেলে গ্রাহকদের ডলারপ্রতি ৫-৬ টাকা বেশি খরচ করতে হচ্ছে। এসব কারণেই মূলত নগদ ডলার ব্যবহারের চেয়ে কার্ড ব্যবহারের পরিমাণ বেড়েছে। তাছাড়া, কার্ডের মাধ্যমে ডলার ব্যয়ের ফলে তারা খোলাবাজারের চেয়ে কম রেটে লেনদেন করতে পারে বলেও এর ব্যবহারকারী বাড়ছে।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে কার্ডের মাধ্যমে গ্রাহকেরা লোকাল ট্রানজেকশন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বাড়িয়েছে। গত অক্টোবরেও ৩৭ হাজার ৫৩০ কোটি টাকা লেনদেন করেছেন গ্রাহকরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ৩ দশমিক ৩৫ লাখ কোটি টাকা ট্রানজেকশন করেছে। আগের বছরের একই সময়ে এ ট্রানজেকশনের পরিমাণ ছিল ২ দশমিক ৩১ লাখ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কার্ডের মাধ্যমে লেনদেন ১ লাখ কোটি টাকার বেশি বেড়েছে কার্ডের মাধ্যমে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন অনেক মানুষই ক্যাশ টাকায় লেনদেনের চেয়ে এমএফএস বা কার্ডের মাধ্যমে লেনদেনে অভ্যস্ত হচ্ছেন। এই প্রবণতা আমাদের দেশে ক্যাশলেস সোসাইটি নির্মাণকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
-B










