চার বছর পর উত্তর কোরিয়াতে বিদেশি পর্যটক

করোনা মহামারির বিধি-নিষেধ উঠে যাওয়ার পর এই প্রথম উত্তর কোরিয়াতে যাচ্ছেন বিদেশি পর্যটকেরা। এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার একদল পর্যটক উত্তর কোরিয়াতে যাচ্ছেন বলে জানা গেছে।
করোনা মহামারি শুরু হলে সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর থেকে দেশটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। গত ডিসেম্বর মাসে রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিমোরস্কি ক্রাই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পরিদর্শন করেন। দুই দেশের কর্মকর্তারা সেসময় এ বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
উল্লেখ্য রাশিয়ার ওই প্রদেশটি উত্তর কোরিয়ার সীমান্ত ঘেঁষা। জানা গেছে, ৪ দিনের ভ্রমণের লক্ষ্যে পর্যটকেরা ৯ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া উদ্দেশে যাত্রা করবেন।
বেইজিংয়ের বেসরকারি পর্যটন সংস্থা কোরইয়ো ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক সিমন কোকেরেল বলেন, উত্তর কোরিয়াতে তার ব্যবসায়িক অংশীদার রাশিয়ার পর্যটকদের ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। একটি বিশেষ পরিস্থিতিতে ভ্রমণের এই আয়োজনটি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এটি একটি ভাল দিক। কিন্তু এরপর থেকে বড় পরিসরে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে, সেটি আমি বলতে পারছি না।’
করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে শুধুমাত্র চীনের পর্যটকদের ভ্রমণের ফলে উত্তর কোরিয়া ১৭ কোটি ৫০ লাখ ইউরো আয় করেছিল।
-B










