বছরের প্রথম ১০ মাসে দুবাইয়ে বিদেশী দর্শনার্থী দ্বিগুণ

চলতি বছরের প্রথম ১০ মাসে ১ কোটি ১৪ লাখ বিদেশী দর্শনার্থী পেয়েছে দুবাই। এ সংখ্যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৩৪ শতাংশ বেশি। যদিও বিদেশী দর্শনার্থী পাওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এ অঞ্চল এখনো পিছিয়ে রয়েছে।
দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের (ডিইটি) তথ্য অনুসারে, মহামারীর আগে অর্থাত্ ২০১৯ সালের প্রথম ১০ মাসে অঞ্চলটি ১ কোটি ৩৫ লাখ বিদেশী দর্শনার্থী পেয়েছিল। সুতরাং এক্ষেত্রে অঞ্চলটি এখনো ১৫ শতাংশ পিছিয়ে রয়েছে।
সরকারি ভোক্তা ব্যাংকিং প্রতিষ্ঠান এমিরেটস এনবিডির গবেষণা বিশ্লেষক জামাল মাত্তার একটি নোটে বলেন, দুবাইয়ের পর্যটন খাত ২০২২ সালের শক্তিশালী কর্মক্ষমতা বজায় রেখেছে। এমনকি বছরের শেষ তিন মাসে খাতটির পুনরুদ্ধার আরো গতিশীল হয়েছে।
অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করে তোলার অংশ হিসেবে পর্যটন খাতের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হচ্ছে ইউএই। এরই অংশ হিসেবে ২০৩১ সাল নাগাদ বার্ষিক হোটেল অতিথির সংখ্যা চার কোটিতে উন্নীত করতে চায় দুবাই। পাশাপাশি এ সময়ের মধ্যে জিডিপিতে পর্যটন খাতের অবদান দাঁড়াবে ১২ হাজার ২৫০ কোটি ডলারে।
-B










