উড়োজাহাজ দুর্ঘটনার ৩ সপ্তাহ পর আমাজন থেকে ৪ শিশু জীবিত উদ্ধার
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর ৪ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই ৪ শিশুর মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে ঘন জঙ্গলের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।
কলম্বিয়ায় প্রেসিডেন্টের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১৮ মে)এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ দুর্ঘটনার ২সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের ৪ শিশুকে দেশটির দক্ষিণের জঙ্গল থেকে জীবিত পাওয়া গেছে বলে বুধবার (১৭ মে)জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গত ১ মে এই উড়োজাহাজটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল।
সূত্র বলছে, কলম্বিয়ার কাকুয়েটা প্রদেশের ঘন জঙ্গলে সামরিক বাহিনীর সদস্য, দমকলকর্মী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল শিশুদের উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে।
সেসনা ২০৬ মডেলের এই উড়োজাহাজটি গত ১ মে কলম্বিয়ার আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে ৭জন আরোহী নিয়ে গুয়াভিয়ার প্রদেশের সান জোসে দেল গুয়াভিয়ার শহরে যাচ্ছিল। মাঝ আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটির ইঞ্জিন ব্যর্থতার মুখে পড়ে এবং বিপদ বুঝতে পেরে উড়োজাহাজটি থেকে থেকে মে-ডে সতর্কতা জারি করা হয়।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীর কঠোর অনুসন্ধানের পর আমরা গুয়াভিয়ারে উড়োজাহাজ দুর্ঘটনায় নিখোঁজ ৪ শিশুকে জীবিত পেয়েছি।’
দুর্ঘটনার ফলে পাইলটসহ ৩জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিলেন এবং তাদের মৃতদেহ উড়োজাহাজের ভেতরে পাওয়া যায়। আর ১৩, ৯ এবং ৪ বছর বয়সী ৩ শিশুর সঙ্গে ১১ মাস বয়সী এক শিশুও এই দুর্ঘটনায় বেঁচে যায়।
এই উদ্ধার প্রচেষ্টার সমন্বয় করেছে কলম্বিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর এই শিশুরা উড়োজাহাজ থেকে পালিয়ে গিয়েছিল এবং সাহায্যের খোঁজে জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করে।
এছাড়া শিশুদের খোঁজ পাওয়ার আগে জঙ্গলে তাদের বেঁচে থাকার জন্য ফেলে দেওয়া ফলের অবশিষ্টাংশ এবং সেইসাথে জঙ্গলের গাছপালা দিয়ে তৈরি করা উন্নত আশ্রয়ও খুঁজে পেয়েছিল উদ্ধারকারীরা।
কলম্বিয়ার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার এই উদ্ধার অভিযানে অংশ নেয় বলেও জানানো হয়।
-B










