জুনে বন্ধ হয়ে যাচ্ছে গ্রামীণ ইউনিক্লো

বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে তৈরি পোশাকের বৈশ্বিক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। আগামী ১৮ জুনের মধ্যে তাদের ১০টি বিক্রয়কেন্দ্র বন্ধ করার পাশাপাশি ব্যবসা কার্যক্রমও বন্ধের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ইউনিক্লোর ওয়েবসাইটে এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিটি আরও জানায়, ২০১০ সালে তাদের মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড, গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে পোশাক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে সামাজিক ব্যবসায় শুরু করে। ২০১৩ সালে মূলত রাজধানী ঢাকাতে স্টোর চালু হয়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সে সঙ্গে ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে, আমাদের ব্যবসায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে ফাস্ট রিটেইলিংয়ের কার্যক্রম চলমান থাকবে।
২০০৮ সালে বাংলাদেশে প্রডাকশন অফিস শুরুর মাধ্যমে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে এবং সহযোগী কারখানাগুলো ইউনিক্লোসহ ফাস্ট রিটেইলিংয়ের পোশাক উৎপাদন আগামীতে অব্যাহত থাকবে।
-B










