হজের ফিরতি ফ্লাইটেও বিড়ম্বনা অব্যাহত
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হাজি

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৫৬টি ফিরতি হজ ফ্লাইটে ২০ হাজার ৭৭৪ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন। শনিবার (২৩ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, ৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।
এদিকে, হজ ফ্লাইটের মতো ফিরতি ফ্লাইটেও হজযাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগে জানা গেছে।
গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইটের দিনেই দু’টি ফ্লাইট জেদ্দা থেকে দেরিতে ছেড়ে আসে। একইভাবে শুক্রবারও (২২ জুলাই) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দেরিতে ছেড়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছেন ওই ফ্লাইটের হাজীরা।
বাংলাদেশ থেকে এ বছর মোট হজযাত্রীর কোটা ছিল ৬০ হাজার। ব্যবস্থাপনা সদস্যসহ হজে যান ৬০ হাজার ১৪৬ জন। মোট ১৬৫টি ফ্লাইটে যাওয়া এসব হাজীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদি আরব যান।
পবিত্র হজ পালন শেষে এসব হাজী এখন ফিরতে শুরু করেছেন। এজন্য ফিরতি ফ্লাইট শুরু হয় ১৪ জুলাই থেকে।
জানা যায়, হাজীদের ফেরার প্রথম দিনই অব্যবস্থাপনা দেখা দেয়। সেদিন পাঁচটি ফ্লাইট থাকলেও তিনটি ফ্লাইট দেশে ফিরে আসে। দুটি ফ্লাইট আসতে পারেনি। যে তিনটি ফ্লাইট হাজীদের পরিবহন করে সেগুলোও বেশ দেরিতে ছেড়ে আসে। একইভাবে ২১ জুলাই দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইট হাজীদের নিয়ে জেদ্দা থেকে ছেড়ে আসার কথা থাকলেও সেটি একদিন পর শাহজালালে অবতরণ করে। এতে ওই বিমানের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
অপরদিকে, ২২ জুলাই সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৮ সকাল ১০টা ৫০ মিনিটে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৫২০ ফ্লাইট বেলা আড়াইটায় হাজীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের আরো দু’টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো একটি ফ্লাইট ২৩ জুলাই হাজীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে জানা যায়।










