বাংলাদেশে প্রবেশের আগেই পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

করোনা ভাইরাসের মহামারির থেকে স্বাভাবিক জীবন যাত্রা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। সারাবিশ্বে মহামারির শুরু থেকেই ভ্রমণকারীদের তথ্য সংগ্রহে অনলাইনে ফরমপূরণের ব্যবস্থা করা হয়।
এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দর ও স্থলবন্দরে ইমিগ্রেশনে হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। সেই ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।
এখন থেকে বাংলাদেশে আসার আগে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম। বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেক যাত্রীকে যাত্রার তিন দিন আগেই অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।
নতুন নিময় বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের রোগত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ে এ সংক্রান্ত আদেশ জারি করবে বন্দর কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে হাতে লিখে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে হেলথ ডেস্কে জমা দিতে হয়। এতে যাত্রীদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা নিরসনে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দেশে আসার তিন দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। স্বাস্থ্য অধিদফতরের http://health declaration.dghs.gov.bd এই ওয়েব লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে। বোর্ডিংয়ের সময় যাত্রীর হেলথ কার্ড আছে কি না এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।
শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
-B










