বিশ্বকাপ ফাইনালের আগে হোটেল ও উড়োজাহাজ ভাড়া আকাশচুম্বী

আহমেদাবাদ: বিশ্বকাপের মহারণে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। রবিবার (১৯ নভেম্বর)সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টিভির পর্দায় ফাইনাল দেখার চেয়ে গ্যালারিতে বসে দেশের জন্য গলা ফাটাবেন বলে অনেকেই ম্যাচের টিকিটও কেটে ফেলেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকাপের দু’দিন আগে থেকেই আহমেদাবাদে চলে এসেছেন অনেকে। আর এই বিশ্বকাপের আবহে আহমেদাবাদের হোটেল ভাড়াও বেড়ে গিয়েছে কয়েক গুণ।
আগে আহমেদাবাদ এলে হোটেল খরচ যা হত, এখন গেলে তার দ্বিগুণ খরচ তো হবেই। আহমেদাবাদে ছোট-বড় মিলিয়ে হোটেলের সংখ্যা কম নয়। ছোট হোটেলগুলি দাম বাড়ালেও তা সাধ্যের মধ্যে আছে। কিন্তু অভিজাত কিছু হোটেলের ভাড়া এখন আকাশছোঁয়া। দু’দিনের জন্য আহমেদাবাদ ভিভান্তায় থাকার খরচ প্রায় ৩ লক্ষ টাকা, ম্যারিয়টের খরচ ২ লক্ষ টাকার কাছাকাছি, তাজেও দু’দিন থাকতে হলে খরচ প্রায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। হায়াত তো আবার ভাড়ার দিক থেকে বাকিদের পিছনে ফেলে দিয়েছে। এখানে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত থাকার খরচ পড়বে ৪ লক্ষ টাকার কিছু বেশি। র্যাডিসন ব্লু, নভোটেল, তাজ গান্ধিনগর, ফরচুন ইন, সিয়ারা স্টাইলসের মতো হোটেলগুলিতেও দু’দিনের থাকার খরচ প্রায় আড়াই লক্ষ টাকা।
আরও পড়ুন: আকাশে উড়েও আবার বিমানবন্দরে ফিরে এলো উড়োজাহাজ
শুধু হোটেল নয়, একই রকম ভাবে ১৮ থেকে ২০ তারিখের মধ্যে আহমেদাবাদগামী সব উড়োজাহাজেও ভাড়া বেড়েছে। মুম্বই, চেন্নাই, নয়া দিল্লি থেকে আহমেদাবাদগামী এবং ফিরতি উড়োজাহাজের ভাড়া বাড়িয়েছে স্পাইসজেট, ইন্ডিগো, এয়ারলাইনের মতো সংস্থাগুলি।
নয়া দিল্লি থেকে আহমেদাবাদ আসা-যাওয়ার উড়োজাহাজ ভাড়ার খরচ পড়বে ৪০ হাজার টাকার কাছাকাছি। কলকাতা থেকে আহমেদাবাদে আসা-যাওয়া করতে খরচ পড়বে প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি। চেন্নাই থেকেও আহমেদাবাদ আসা-যাওয়ার খরচ পড়ছে ৪৭ হাজার টাকা মতো।
-B










