ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ২০২৩ অক্টোবরে

ঢাকাঃ করোনা মহামারী চলাকালীন সারা বিশ্ব যখন থমকে ছিল, বাংলাদেশ সরকার ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ একদিনও বন্ধ রাখেনি। প্রত্যাশিত কাজের চেয়ে নির্মাণকাজ ১.৯ শতাংশ এগিয়ে আছে। এবং আশা করা হচ্ছে যে, ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝে ঢাকা বিমানবন্দরের এই যুগান্তকারী তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে।
আজ ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী একথা বলেন। তৃতীয় টার্মিনাল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ম মফিদুর রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইতিমধ্যে তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ ৩৪ শতাংশ শেষ হয়েছে, যেখানে কিনা আমাদের প্রত্যাশা ছিল ৩২ শতাংশ, বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তবে, বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অন্যান্য অংশ একসাথে শেষ হবে কিনা এনিয়ে রয়েছে আশংকা, জানান বেবিচক চেয়ারম্যান ম মফিদুর রহমান।
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, যেহেতু ঢাকার মূল এক্সপ্রেসওয়ের সাথে বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপন করা লাগবে, তাই বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ কিছুদিন পরে ধরা হবে। এক্ষেত্রে কাজ কিছুটা বিলম্ব হলেও শীঘ্রই শুরু হয়ে যাবে।
- T










