মাঙ্কিপক্স হলে টিকা নিতে হবে ৪ দিনের মধ্যে
বিশ্বব্যাপী নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মাঙ্কিপক্স। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। সরকার ইতোমধ্যেই বন্দরগুলোতে সতর্কতা জারি করেছে। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জানিয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে ৪ দিনের মধ্যেই টিকা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২৪ মে) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাঙ্কিপক্স নিয়ে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, প্রথমে বানরের দেহে এই ভাইরাস শনাক্ত হয় বলে ১৯৭০ সালে এর নামকরণ করা হয়েছিল মাঙ্কিপক্স। কোভিড যতটা মারাত্মক, মাঙ্কিপক্স ততটা নয়।
বিএসএমএমইউর উপাচার্য আরও বলেন, ভাইরাসটিতে আক্রান্ত রোগীর শরীরে ফুসকুড়ি দেখা দেয়। মুখ থেকে শুরু হয়ে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। শরীরে জ্বর আসে এবং ফুসকুড়িতে চুলকানি শুরু হয়। এ অবস্থায় ভাইরাসটি শনাক্তের ৪ দিনের মধ্যে আক্রান্ত রোগীকে গুটিবসন্তের টিকা গ্রহণ করতে হবে।
-B










