মুলতানে উদ্বোধন বিকেলে - আজ শুরু হচ্ছে জমজমাট এশিয়া কাপ

ঢাকা : আজ থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। মুলতানে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১৫ বছর পর কোনো টুর্নামেন্ট ফিরল পাকিস্তানে।
ক্রিকেট সমর্থকদের দৃষ্টি এখন এশিয়ার মর্যাদাকর আসরের দিকে। সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচ থাকলে তো কথাই নেই। কিন্তু দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা থাকায় অনেকেই টেলিভিশনে সে খেলা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ভক্তরা দেখতে পারেন এশিয়া কাপের জমজমাট লড়াই।
আজ বুধবার (৩০ আগস্ট) উদ্বোধনী দিনে পাকিস্তান ও নেপাল তাদের যাত্রা শুরু করলেও বাংলাদেশের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট)। ক্যান্ডিতে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। তাই এশিয়া কাপের সবগুলো ম্যাচ টেলিভিশনের পাশাপাশি মোবাইল থেকেও দেখা যাবে।
এবারের এশিয়া কাপের ম্যাচগুলো দুটি অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র্যাবিটহোল বিডি এবং টফি অ্যাপ। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে দুটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপে থাকছে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান
হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
-B










