অমর একুশে বইমেলার উদ্বোধন আজ

‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, এই প্রতিপাদ্য ধারণ করে ফেব্রুয়ারির প্রথম দিন আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৩’।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে এবারের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সাতটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়—উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলা একাডেমি সরেজমিন ঘুরে দেখা যায়, স্টেজ নির্মাণের কাজ শেষ, চলছে অনুষ্ঠানের মহড়া, মূল ফটকে রয়েছে নিরাপত্তা কর্মীদের বহর। উদ্বোধনী অনুষ্ঠান ও বইমেলাকে কেন্দ্র করে থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বইমেলায় প্রবেশ ও বের হওয়ার পথে পর্যাপ্ত আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। মেলার এলাকাজুড়ে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
-B










