ঢাকা-ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়ার ফ্লাইট উদ্বোধন

ঢাকা ও থাইল্যান্ডের ডনমুয়াং রুটে ফ্লাইট চালু করেছে মালয়েশিয়াভিত্তিক উড়োজাহাজ সংস্থা থাই এয়ার এশিয়া।
শনিবার (২৬ নভেম্বর) রাতে হোটেল সোনারগাঁওয়ে ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
মাহবুব আলী তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার যোগাযোগের সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের প্রধানমন্ত্রী পর্যটন খাতকে এগিয়ে নিতে নানা ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। এ ধারা চলমান রয়েছে। আশা করব, থাই এয়ার এশিয়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘আমি গর্বিত এমন একটি আয়োজনের জন্য। দুই দেশের সম্পর্ক ও যোগাযোগের উন্নয়নের জন্য এ ফ্লাইট খুবই গুরুত্বপূর্ণ। আশা করব, থাই এয়ার এশিয়ার কারণে আমাদের দেশ সুফল পাবে। প্রধানমন্ত্রী পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করছেন। সেফটি এবং সিকিউরিটি নিশ্চিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। থাই এয়ার এশিয়াও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে বলে আশা করছি।’
থাই এয়ার এশিয়ার সিইও সান্তিসুক ক্লোংচাইয়া বলেন, ‘আমরা ভালো সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। থাই এয়ার এশিয়া ২০১৫ সাল থেকে ঢাকা এবং কুয়ালালামপুরের মধ্যে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় থাই এয়ার এশিয়ার নতুন সংযোজন এ ফ্লাইট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থাই অ্যাম্বাসেডর মাকাওয়াদি সুমিতমোর, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, টিএএস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, ম্যানেজিং ডিরেক্টর মোরসেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মুজাক্কর আহমদুল হক, আতিকুর রহমান মাসুদ এবং আনোয়ার আবেদীন মানিক প্রমুখ। বক্তব্য অনুষ্টান শেষে মন্ত্রী কেক কেটে এয়ার এশিয়া'র কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাফেল ড্র এবং এয়ার এশিয়া'র সেরা ১০ জন এজেন্টেকে পুরস্কৃত করা হয়।
এয়ারলাইন্সটি আপাতত ঢাকা থেকে প্রতি সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করবে। তবে যাত্রীর চাপ বিবেচনায় পরবর্তীতে সিলেট ও চট্টগ্রাম থেকে ব্যাংককের সুবর্ণ এয়ারপোর্টেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় রয়েছে এয়ারলাইন্সটির।
একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন। তবে এর বেশি ওজন হলে সেটির জন্য চার্জ প্রযোজ্য হবে। ঢাকা-ডনমুয়াং রুটে সর্বনিম্ন ভাড়া ২২ হাজার থেকে শুরু হবে। তবে এ ভাড়া নির্ভর করবে যাত্রী কোন শ্রেণির টিকিট কিনবেন তার উপর।
-B










