বান্দরবান ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
রবিবার (১১ ডিসেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার এ বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এরআগে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়।
এরপর থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ৪ ডিসেম্বর করা হয়। গত ৩ ডিসেম্বর পুনরায় নিষেধাজ্ঞার সময় বাড়ানোর পাশাপাশি থানচি উপজেলাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। সাঁড়াশি অভিযানে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে গত ১৮অক্টোবর থেকে এ পর্যন্ত ১১ বার নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
-B










