পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় উড়োজাহাজ
ভারতের অভ্যন্তরীণ রুটের একটি উড়োজাহাজ খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাকিস্তানে ঢুকে পড়ে। ইন্ডিগো এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি দেশটির পাঞ্জাবের অমৃতসর থেকে আহমেদাবাদ যাচ্ছিল। শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর থেকে গুজরাটের আহমেদাবাদ যাওয়ার পথে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এই অঞ্চলটি পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় একপর্যায়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। পাকিস্তানে প্রবেশের পর লাহোরের কাছাকাছি এলাকা দিয়ে উড়তে থাকে।
ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ৪৫৪ নট গতি নিয়ে উড়োজাহাজটি পাকিস্তানে ঢুকে পড়েছিল। আধা ঘণ্টা পাকিস্তানের আকাসসীমায় অবস্থান করে। এরপর ৮টার দিকে এটি আবার ভারতীয় সীমানায় ফিরে যায়। লাহোর থেকে গুজরানওয়ালা পর্যন্ত এটি পাকিস্তানের মধ্যে ছিল।
তবে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথোরিটির (সিএএ) এক কর্মকর্তা জানান যে, এই ঘটনায় ভারতীয় উড়োজাহাজ কোনো আইন ভঙ্গ করেনি, কারণ খারাপ আবহাওয়ার ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়ার নিয়ম রয়েছে আন্তর্জাতিক আইনেও।
শুধু ভারতীয় ওই উড়োজাহাজই নয়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাকিস্তানেরও একাধিক উড়োজাহাজ যাত্রা বাতিল করে। অনেক উড়োজাহাজের রুট পরিবর্তন করা হয় কিংবা বিলম্ব করা হয়।
সিএএ মুখপাত্র জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত খারাপ আবহাওয়া বিদ্যমান ছিল। এতে করে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। এছাড়া লাহোরগামী অনেকগুলো উড়োজাহাজকে ইসলামাবাদে অবতরণ করতে হয়েছে।
-B










