ভারতের হোটেল চেইন ওয়ো রুমস ৬০০ কর্মী ছাঁটাই করছে
কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে ভারতের হোটেল চেইন ওয়ো রুমস। সংস্থাটি ওয়ো হোটেলস অ্যান্ড হোমস নামেও পরিচিত। শনিবার (৩ ডিসেম্বর)প্রতিষ্ঠানটি করপোরেট ও প্রযুক্তি বিভাগের ৬০০ কর্মীকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেয়।
জানা গেছে, কয়েক বছর ধরে ব্যবসায়ে লোকসান গুনছে ওয়ো রুমস। সংস্থাটির সবচেয়ে বড় বিনিয়োগকারী জাপানি কনগ্লোমারেট সফটব্যাংক। বিনিয়োগকারীদের চাপে লোকসান কাটিয়ে উঠতে ব্যবসা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়ো রুমস ৩ হাজার ৭০০ কর্মী বাহিনীর ১০ শতাংশ কমিয়ে দেবে। একই সময়ে সংস্থাটি ২৫০ জনকে নিয়োগ দেবে। পণ্য ও প্রকৌশল দলকে একত্রিত করে আরো বিস্তৃত কাজের সুযোগ দেয়া হচ্ছে। অন্যদিকে প্রযুক্তি কর্মীদের আকার ছোট করে আনা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিতেশ আগারওয়াল বলেন, আমাদের ১০ শতাংশ কর্মীকে অব্যাহতি দিতে হচ্ছে। তবে তাদের ভালো চাকরি নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করবো।
ওয়ো হোটেলস ২০২১ সালের অক্টোবরে পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন করেছিল। কিন্তু বাজার পরিস্থিতির কথা বলে সংস্থাটি শেয়ার লেনদেন বিলম্বিত করেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) সংস্থাটি ৩৩৩ কোটি রুপি (৪ কোটি ৯ লাখ ডলার) নিট লোকসান গুনেছে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে লোকসানের পরিমাণ ছিল ৪১৪ কোটি রুপি।
-B










