বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ঢাকা-কলকাতা রুটের ইন্ডিগো ফ্লাইট
বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ঢাকা-কলকাতা রুটের ইন্ডিগোর একটি ফ্লাইট।
কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইটটির লেজে ফাটল দেখা দেয়। তবে চালকের দক্ষতায় নিরাপদেই বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ফ্লাইটটি।
সূত্রের খবর,২ জানুয়ারি সোমবার ঢাকা থেকে কলকাতায় আসা ইন্ডিগোর সিক্স ই -১১৪ উড়োজাহাজটি অবতরণের সময় বেশ কিছুটা ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। কিন্তু, কেন আচমকা এই ঝাঁকুনি? উত্তর খুঁজতে গিয়ে উড়োজাহাজটির অবতরণের পর দেখা যায় টেল সেকশনটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণেই এ ঘটনা ঘটেছে বলে মত ওয়াকিবহাল মহলের। উড়োজাহাজ চালনার পরিভাষায় এ ঘটনা 'টেল স্ট্রাইক' নামে পরিচিত।
এদিকে অবতরণের সময় উড়োজাহাজটির মধ্যে আচমকা ঝাঁকুনি তৈরি হওয়ায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কী কারণে এমন ঘটল তা নিয়ে তৈরি হয় চাপানউতর। যদিও শেষ পর্যন্ত সফল ভাবেই বিমানবন্দের উড়োজাহাজটি অবতরণ করানো সম্ভব হয়। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর, উড়োজাহাজটিতে ২০০ জন যাত্রী ছিলেন। তবে সকলেই সুরক্ষিত রয়েছেন।
কী এই টেল স্ট্রাইক?
বিমান বিশেষজ্ঞদের মতে, যখন কোনও উড়োজাহাজ অবতরণ করে তার পিছনের লেজের মতো অংশটা উপরের দিকে থাকেএবং ওই অবস্থাতেই ধীরে ধীরে চলমান বিমানটির চাকা স্পর্শ করে বিমানবন্দরের মাটি। এগিয়ে যেতে থাকে রানওয়ে দিয়ে। চাকার সঙ্গে ভারসাম্য বজায় রেখে লেজের অংশটিও উড়োজাহাজটিকে অবতরণে প্রযুক্তিগতভাবে সাহায্য করে। কিন্তু, টেল স্ট্রাইকের ক্ষেত্রে কোনওভাবে লেজের পিছনের অংশটি আগে মাটি স্পর্শ করে ফেলে। তারপর ধীরে ধীরে মাটি স্পর্শ করে চাকাগুলি। তাতেই ঝাঁকুনির সম্ভাবনা থাকে গোটা উড়োজাহাজটিতেও। এদিনও সেটিই হয়েছিল ঢাকা থেকে কলকাতাগামী ইন্ডিগোর সিক্স ই ১৮৫৯ উড়োজাহাজটির। তবে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। ওয়াকিবহাল মহলের ধারনা যান্ত্রিক গোলযোগের জন্য অনেক সময় এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।
-B










