বোমা আতঙ্কে পাটনায় ইন্ডিগোর জরুরি অবতরণ

ভারতের পাটনা বিমানবন্দরে বোমা আতঙ্কে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরনে বাধ্য হয়। ফলে বিমানবন্দরটিতে বিমান চলাচল সাময়িক বন্ধ থাকে এবং ইন্ডিগোর ফ্লাইটটিও বাতিল করা হয়।
সূত্র জানিয়েছে, দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইটে একজন যাত্রী তার ব্যাগে বোমা রয়েছে বলে দাবি করে। ফলে আতঙ্ক সৃষ্টি হয়। পরে ওই ব্যক্তিকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিমানটিকে তল্লাশি করে কোনো বোমা পায়নি বোমা স্কোয়াড এবং পুলিশ সদস্যরা। যা একটি প্রতারণা বলে প্রমাণিত হয়েছে।
ওই ব্যক্তি বোমা আছে দাবি করার পর পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। পরে জরুরি অবতরণ করার পর ইন্ডিগো ফ্লাইট ৬ই-২১২৬ এর সমস্ত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ওই যাত্রীর নাম ঋষি চাঁদ সিং। তবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, সংশ্লিষ্ট যাত্রী মানসিকভাবে অসুস্থ।
পাটনা জেলা ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়েছিল এবং ফ্লাইটের ভিতরে তল্লাশি চালানো হয়েছিল কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, কিছু পাওয়া যায়নি তবে এখনও প্রোটোকল অনুযায়ী অনুসন্ধান চলছে। ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং আগামীকাল সকালে ছেড়ে যাবে।
ওই ব্যক্তিকে আটকের পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। পরে বোমা স্কোয়াড এবং পুলিশ সদস্যরা বিমানটিকে পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করে।
-B










