ভিসা সহজ করবে ইন্দোনেশিয়া, চালু হবে সরাসরি ফ্লাইট
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের এভিয়েশন খাত নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুদেশের বিমান চলাচল চুক্তি নবায়নসহ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করা হয়। দুদেশের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ক্রুদের প্রশিক্ষণ, এয়ারক্রাফটের সিমুলেটর প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া এয়ারক্রাফটের মেনটেনেন্স ফ্যাসিলিটি স্থাপন, ফ্লাইট ক্যালিব্রেশন, বিভিন্ন ইন্সট্রুমেন্ট ক্যালিব্রেশনের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
কোভিড-১৯ পরিবর্তী সময়ে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটক বৃদ্ধি পাচ্ছে বলে রাষ্ট্রদূত চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি আরও জানান, শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান পদ্ধতি সহজ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরাসরি ফ্লাইট চালু হলে তা দুদেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও সাক্ষাতে আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ থেকে বর্তমানে ইন্দোনেশিয়ায় সরাসরি কোনো ফ্লাইট নেই। বাংলাদেশিরা থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ট্রানজিট হয়ে ইন্দোনেশিয়ায় যাতায়াত করেন।
ইতোমধ্যে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গারুদা ইন্দোনেশিয়া বাংলাদেশের ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। তবে বেবিচক গারুদাকে কূটনীতিক মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনার আবেদনের পরামর্শ দেয়।
-B










