ডিজিটাল বৈষম্যহীন বিশ্ব গড়তে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকা: ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল বৈষম্যহীন বিশ্ব গড়ার প্রত্যয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন।
সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও এসপায়ার টু ইনোভেট-এটুআইয়ের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আরও পড়ুন: সৈকতে হাজারো পর্যটক- শঙ্কায় কক্সবাজার ছাড়ছেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় ও এসপায়ার টু ইনোভেট-এটুআই এর উদ্যোগে রাজধানীর একটি হোটেলে ‘ডিপিআই অ্যান্ড এআই ফর জিরো ডিজিটাল ডিভাইড’ শিরোনামে দুই দিনব্যাপী (৩০-৩১ অক্টোবর) এ আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ডিপিআই ও এআই নির্ভর আগামীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সেক্টরভিত্তিক ১৪টি বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের মন্ত্রীসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সেশনগুলোতে অংশ নেবেন।
আরও পড়ুন: লাগেজ নিয়ে আকাশপথে ঝামেলা এড়াতে যা করবেন
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সিনিয়র সহসভাপতি সামিরা জুবেরী হিমিকার সঞ্চালনায় জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের প্রযুক্তিবিষয়ক দূত আমানদীপ সিং গিল বিশ্বে জিরো ডিজিটাল ডিভাইড কাজ করার গুরুত্ব নিয়ে কথা বলেন।
এছাড়া গুগল’র ভাইস প্রেসিডেন্ট ড. ভিন্ট সার্ফ, পিপল-সেন্টার্ড ইন্টারনেটের চেয়ারম্যান মেই লিন ফাং, ইনফোসিস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নন্দন নিলেকানি বক্তব্য দেন।
ডিপিআই এর অবদান নিয়ে আলোচনা করেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড এভস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপিআই এর সম্ভাবনার চিত্র তুলে ধরেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।
উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের সাইড ইভেন্টে ডিজিটাল বৈষম্যহীন বিশ্ব গড়তে ‘ই-কোয়ালিটি সেন্টার ফর জিরো ডিজিটাল ডিভাইড’ উদ্বোধন করা হয়। এর পটভূমিতে বৈশ্বিক গুরুত্বের ওপর ভিত্তি করে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
-B










