পুরস্কার পেলেন ঢাকা ট্রাভেল মার্টের র্যাফেল ড্র বিজয়ীরা

সদ্য সমাপ্ত পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ এর দর্শনার্থীদের জন্য আয়োজিত র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আজ আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইউ এস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে দু’জনের জন্য মালদ্বীপ ভ্রমনের টিকিট লাভ করেছেন লায়লা ফারহানা অরিন এবং দু’জনের জন্য সিঙ্গাপুরের টিকিট জিতেছেন এস কে রায়। বাংলাদেশ বিমানের সৌজন্যে দু’জনের জন্য শারজাহ ভ্রমনের টিকিট পেয়েছেন জসিম উদ্দীন; ভিসতাঁরার সৌজন্যে দু’জনের জন্য দিল্লীর টিকিট পেয়েছেন মোঃ হাসানুজ্জামান; ও নভো এয়ারের সৌজন্যে দু’জনের জন্য কলকাতার রিটার্ন টিকিট জিতেছেন মাসুদুর রহমান । ওমান এয়ার এবং জাজিরা এয়ারওয়েজ সৌজন্যে ছিল একজনের জন্য যথাক্রমে লন্ডন এবং দুবাইয়ে রিটার্ন টিকিট। এছাড়াও বিভিন্ন দেশীয় গন্তব্য ভ্রমনের জন্য ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার বেশ কয়েকজন বিজয়ীকে রিটার্ন টিকিট প্রদান করে। সৌজন্যমূলক রাত্রী যাপনের জন্য বিভিন্ন হোটেল ও রিসোর্টে পক্ষ থেকে বিজয়ীদের জন্য ছিল গিফট ভাউচার।
অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তবে ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক ভ্রমন ও পর্যটন বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান যে এবারের মেলাটি ছিল সার্বিকভাবে সফল। মেলার তিনদিনে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ আনুমানিক ১৫ কোটি টাকা স্পট সেল করেছে, সমাগম ঘটেছে প্রায় পনের হাজার দর্শনার্থীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলার টাইটেল স্পন্সর ট্রিপ লাভার-এর হেড অব অপারেশন্স নিশা তাসনিম শেখ, অন্যতম স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ), কামরুল ইসলাম, এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ জিয়াউল হক হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত সকলের সামনে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।










