আজ বার্লিনে, পরশু ফ্রাঙ্কফুর্টে বিনিয়োগ সম্মেলন

জার্মানের বিনিয়োগ ধরতে আজ সোমবার (৩০ অক্টোবর)বার্লিনে এবং পরশু বুধবার (২ নভেম্বর)ফ্রাঙ্কফুর্টে রোড শো অনুষ্ঠিত হবে।
এসব আয়োজনে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি এবং বিনিয়োগকারীরা যোগ দেবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করছে। আগামী ৩ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে পরবর্তী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২
গত ২৩ ও ২৫ অক্টোবর ফ্রান্সের প্যারিস ও টুলুস শহরে বিনিয়োগ সম্মেলন আয়োজন করে বিএসইসি ও বিডা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ধারাবাহিক এসব আয়োজনে গত দশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশের বড় হয়ে ওঠা অভ্যন্তরীণ বাজার এবং মুনাফা সহজে নিজ দেশে নেওয়ার সুযোগ তৈরি হওয়ার কথা সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, বাংলাদেশের অনেক মানুষ জার্মানিতে বসবাস করেন। বড় দুটি শহরে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের বিষয় তুলে ধরা হবে। সম্মেলনের পর দীর্ঘমেয়াদি বিনিয়োগ পাওয়া যাবে।
আরও পড়ুন: এক দশকে সুন্দরবনের আয়তন কমেছে প্রায় অর্ধেক
ইউরোপের আগেও বিশে^র কয়েকটি অঞ্চলে বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হয়েছে। দুবাই দিয়ে এর শুরু হয়। পরে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, কাতার, জাপান এবং দক্ষিণ আফ্রিকায় সফল রোড শো সম্পন্ন করে বিএসইসি। ৮ দেশে এই ১৪টির বেশি শহরে এসব আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীতে সিঙ্গাপুর, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রোড শো আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আজ সোমবার জার্মানের বার্লিনে স্থানীয় সময় সকাল ১০টায় ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার : বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ অনুষ্ঠিত হবে। শহরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ আয়োজন চলবে স্থানীয় সময় ১টা পর্যন্ত। বিএসইসি ও বিডার এই যৌথ আয়োজনে সহায়তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দতাবাস। এতে বাংলাদেশ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররা অংশ নেবেন।
বিএসইসি মনে করে, গত ১০ বছরে বাংলাদেশের অর্থনীতিতে ঈর্ষণীয় অগ্রগতি হলেও উন্নত দেশের বিনিয়োগকারীদের কাছে তা তুলে ধরা হয়নি। বিদেশি বিনিয়োগ আর্কষণে এ ধরনের রোড শো বড় ভূমিকা রাখবে।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশ উদীয়মান ও সম্ভাবনাময় অর্থনীতির দেশ। গত দশ বছরে অর্থনীতি ও সামাজিক খাতে অগ্রগতি ও অভ্যন্তরীণ বাজার বড় হয়েছে। একসময় বাংলাদেশকে অনেক উন্নত দেশ অনুদান দিত। এখন আমরা সাহায্য চাই না। এখন আমরা বিনিয়োগ চাই। এখানে বিনিয়োগ পার্টনার খুঁজতে এসেছি।
-B










