আরব বিশ্বের শীর্ষ পর্যটন আকর্ষণ খোরফাক্কান

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলীয় শহর খোরফাক্কানকে এ বছরের সেরা আরব পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরব ইউনিয়ন ফর ট্যুরিস্ট মিডিয়ার ১৪টি দেশের মধ্যে ইউএইর খোরফাক্কানকে বেছে নেয়া হয়। জার্মানির আইটিবি বার্লিনে বিশ্বের বৃহত্তম ট্রাভেল ট্রেড শো-এর একটি অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়।
বার্লিন অনুষ্ঠানে শারজাহ ইনস্টিটিউট ফর হেরিটেজের (এসআইএইচ) চেয়ারম্যান ড. আব্দুল আজিজি আল মুসাল্লাম এ বছর আরব হেরিটেজ পারসোনালিটির খেতাব অর্জন করেছেন।
অনুষ্ঠানে ড. আল মুসাল্লাম বলেন, ‘ খোরফাক্কান প্রকল্পে প্রকৃতি, ইতিহাস, শিল্প ও সংস্কৃতির সমন্বয়ে স্থাপত্যশৈলীর ছাপ রয়েছে। এ অর্জন আমিরাতের সব শহর ও অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থান সংস্কার ও অবকাঠামো নির্মাণে সহযোগিতা করবে। অবকাঠামোর মধ্যে রয়েছে ভবন, হোটেল, রেস্ট হাউজ, বাঁধ, দুর্গ ও চাহিদাসম্পন্ন বাজার।’
ড. আল মুসাল্লাম আরব হেরিটেজের খেতাব পাওয়ায় গর্ব প্রকাশ করেছেন। এছাড়া সেরা পর্যটন শহরের স্থান হিসেবে খোরফাক্কান নির্বাচিত হওয়ায় ইনস্টিটিউটের কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, সবাইকে ঐতিহ্য সংরক্ষণ ও রক্ষা করতে হবে।
-B










