এগিয়ে চলেছে লামার ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’র কাজ

বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের পাশে ২০ শতাংশ জমি নিয়ে পর্যটকদের বিনোদনের জন্য নয়নাভিরাম ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’র কাজ দ্রুত এগিয়ে চলেছে।
লামার ইউএনও মো. মোস্তফা জাবেদ কায়সার জানান, বান্দরবানে প্রতিদিনই অসংখ্য পর্যটক বেড়াতে আসেন আর তাদের অনেকেই চট্টগ্রামের চকরিয়া হয়ে লামা, আলীকদম ভ্রমণে আসেন। পর্যটকদের রাস্তার পাশে বিশ্রাম ও সাময়িক আনন্দের জন্য ২০ শতাংশ জমি নিয়ে প্রাথমিকভাবে লাখ টাকা ব্যয়ে এ ভিউপয়েন্ট কিছুক্ষণের কাজ শুরু করেছে লামা উপজেলা প্রশাসন।
তিনি আরও জানান, ভিউপয়েন্ট কিছুক্ষণে পর্যটকদের বসার জন্য একটি আকর্ষণীয় গোল ঘর, কয়েকটি দোলনা বসানো হচ্ছে। এছাড়া পরিকল্পনা করে আগামীতে আরও অবকাঠামো নির্মাণ করা হবে, যাতে পর্যটকরা এ ভিউপয়েন্টে এসে পথের ক্লান্তি ভুলতে পারেন।
আগামী বছর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে নয়নাভিরাম ভিউপয়েন্টটি উদ্বোধনের চেষ্টা রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ১ নভেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিউপয়েন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক ভিউপয়েন্টের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পর্যটকদের সুযোগ সুবিধা ও বিশ্রামের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলেও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ মনিটরকে অবহিত করেন।
এ বিষয়ে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, পর্যটন স্পট ‘কিছুক্ষণ’ ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে লামা, আলীকদম ও চকরিয়া উপজেলার মানুষগুলোর সুযোগ হয়েছে যান্ত্রিক ক্লান্তি দূর করতে আপনজনকে নিয়ে একটু নিরিবিলি সময় কাটানোর। আশাকরি এটি উপজেলার সম্ভাবনাময় পর্যটন সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি উপজেলা সদর ইউনিয়নের নুনারজিরির আগায় সবুজের গায়ে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে ‘অনন্য রিসোর্ট’ নামের একটি পর্যটন স্পট।
-Biplob










