সাগরে নিম্নচাপ : টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এর ফলে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে ৪ শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে আছেন।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের ৪ বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে সেন্ট মার্টিন ও টেকনাফে গতকাল বুধবার (১৫ নভেম্বর)দুপুরের পর থেকে আবহাওয়া গুমোট হয়েছিল। সাগর ক্রমেই উত্তাল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন
কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, আবহাওয়ার সতর্কসংকেতের বার্তা জাহাজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ জাহাজঘাটের ইজারাদারের উশুল আদায়কারী সূত্র জানায়, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কেয়ারি সিন্দাবাদে ১৩২ জন, আটলান্টিকে ৮৯ ও এমভি বার আউলিয়া করে ২৯৮ জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে গেছেন। পরে জাহাজে করে বেলা তিনটায় তিন শতাধিক পর্যটক ফেরত এলেও অন্যরা দ্বীপে রয়ে গেছেন। আগের দিন মঙ্গলবার বেড়াতে গিয়ে রাত যাপনের জন্য ছিলেন দেড় শতাধিক পর্যটক। ফলে দ্বীপে এখন চার শতাধিক পর্যটক অবস্থান করছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, হঠাৎ করে আবহাওয়া সতর্কসংকেত জারি হওয়ায় পর্যটকেরা সেন্ট মার্টিনে রয়েছেন। বিকেল থেকে আবহাওয়া গুমোট হয়ে আছে। সাগর ধীরে ধীরে উত্তাল হচ্ছে। সন্ধ্যার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক (হিসাব) মো. শাহ আলম ও এমভি বার আউলিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, বর্তমানে এ নৌপথে চারটি জাহাজ চলাচল করে। অবরোধের কারণে পর্যটক কমে যাওয়ায় দৈনিক তিনটি জাহাজ চলাচল করছিল। বর্তমানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পর্যটক পরিবহন বন্ধ রেখেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় বৃহস্পতিবার সকাল থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ, স্পিডবোট, কাঠের বোট বা যেকোনো জলযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
-B










