সৈকত ভ্রমণে আসা পর্যটকদের ভোগান্তি

কোন পূর্ব নোটিশ ছাড়াই সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় পর্যটন শহরের মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল দুই দিন বন্ধ থাকবে। ফলে, বিকল্প সড়ক না থাকায় সমস্যার সম্মুখীন হতে হবে স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আগত পর্যটকদের।
জানা গেছে, মেরিন ড্রাইভ সড়কের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন থেকে বেলি হ্যাচারি পর্যন্ত সড়কের মূল অংশটি সাগরের করাল গ্রাসে বিলীন হয়ে গেছে। ওই অংশটি এখনো সংস্কার করা হয়নি। পর্যটকসহ সড়কে চলাচলকারীদের কষ্ট দূর করতে কক্সবাজার পৌরসভার নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, পর্যটকসহ এই সড়কে চলাচলকারীদের কষ্ট লাঘবে কক্সবাজার পৌরসভা নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করা হয়েছে। সংস্কার কাজ চলাকালীন লিংক রোড দিয়ে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহারের জন্য তিনি সবাইকে পরামর্শ দেন। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করে সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন।
১৯৯১-৯২ সালে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের কাজ শুরু হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মেয়াদে এ পর্যন্ত ৮০ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়। ২০১৭ সালের ৬ মে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে ৮০ কিলোমিটার সড়কটি উন্মুক্ত হয় দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয়দের জন্য।
মেরিন ড্রাইভ সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়ছেন কক্সবাজারে আসা পর্যটকরা। অনেকে অভিযোগ করেন, বিকল্প সড়ক না রেখে কাজ করাটা কতটুকু যৌক্তিক? পর্যটকরা শুধু মেরিন ড্রাইভ দেখতে আসে। তবে মেরিন ড্রাইভ সড়ক বন্ধ থাকায় পুরো ভ্রমণ মাটি হয়ে যায়, মন্তব্য করেন তারা।
তারা আরো জানান, কক্সবাজাররে মেরিন ড্রাইভ ছাড়া দেখার কি আছে। হিমছড়ি, ইনানী বিচ যেতে না পারলে কি আর ভ্রমণ হয়?
একজন হোটেল মালিক বলেন, অনেক পর্যটক বুকিং বাতিল করেছে। প্রায় রুম খালি। এই দুই দিনে আমাদের অনেক ক্ষতি হবে।
-B










