যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে রোগীসহ ৫জন নিহত হয়েছেন। বাঁচতে পারেননি ফ্লাইটটির কোনও আরোহী।
স্থানীয় সময় গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় ফ্লাইটটি বিধ্বস্ত হয়। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, উত্তর নেভাদার পাহাড়ি এলাকায় গত শুক্রবার রাতে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১জন রোগীসহ ফ্লাইটে থাকা ৫জনই নিহত হয়েছেন।
লিয়ন কাউন্টি শেরিফের অফিস বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়ে কল পায় এবং এর ২ঘণ্টা পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রায় আড়াই হাজার বাসিন্দার গ্রামীণ এলাকা বলে পরিচিত স্টেজকোচ জায়গাটি রেনো থেকে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজ এবং হেলিকপ্টারে করে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে কেয়ার ফ্লাইট। তারা বলেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট, ১জন ফ্লাইট নার্স, ১জন ফ্লাইট প্যারামেডিক, ১জন রোগী এবং রোগীর পরিবারের সদস্য রয়েছেন।
সংস্থাটির প্রেসিডেন্ট এবং সিইও ব্যারি ডুপ্ল্যান্টিস স্থানীয় সময় শনিবার বিকেলে বলেছেন, দুর্ঘটনার বিষয়ে নিহত ৫জনের আত্মীয়দের অবহিত করা হয়েছে বলে রেনো গেজেট জার্নাল জানিয়েছে। ডুপ্ল্যান্টিস বলেছেন, ‘আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
-B










