মেট্রোরেল চলার সময় বাড়ছে ২ ঘণ্টা

বাণিজ্যিক চলাচল শুরুর ৪ মাসের মাথায় বাড়ানো হচ্ছে মেট্রোরেল চলাচলের সময়সূচি। আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টায় শুরু হয়ে মেট্রোরেল চলবে বেলা ২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ মার্চ ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি আরো জানিয়েছেন, আজ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের বাকি দুই স্টেশন—শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ চালু হচ্ছে।
এমএএন ছিদ্দিক বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মার্চের মধ্যে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব স্টেশনে ট্রেন থামবে। তার আগে আমাদের অপারেশনের যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে বসেছি। তাদের পরামর্শ নিয়ে আমরা ঠিক করেছি ৩১ মার্চ শুক্রবার থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনসহ সব স্টেশনে মেট্রো ট্রেন থামবে।’
তিনি আরো বলেন, ‘আমরা এখন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করছি। দেশবাসীর কাছে আমাদের আরেকটি প্রতিশ্রুতি ছিল ক্রমান্বয়ে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো। এরই ধারাবাহিকতায় আমাদের পরিচালন ও কারিগরি দলের পরামর্শে ৫ এপ্রিল থেকে ট্রেন চলাচলের সময় আরো ২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেদিন থেকে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোর ট্রেন পরিচালনা করা হবে।’
জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল শুরু করবে জানিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত ট্রেন চলবে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণকাজ চলছে।’
তিনি জানান, আগের মতোই ট্রেন চালানোর আধা ঘণ্টা আগে স্টেশন খুলবে ও বন্ধ হবে।
-B










