নিরবচ্ছিন্ন বিদ্যুতে চলবে মেট্রোরেল
জ্বালানির পরিবর্তে মেট্রোরেলে ব্যবহার করা হবে বিদ্যুৎ। ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরাসরি গ্রিড থেকে মেট্রোরেলে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কোনো আশঙ্কা থাকছে না।
আপাতত রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালাতে প্রয়োজন হচ্ছে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ। যা সরাসরি জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হবে। পাওয়ার গ্রিড অব বাংলাদেশের (পিজিসিবি) মূল তত্ত্বাবধানে ডেসকো, ডিপিডিসি সমন্বিতভাবে মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহ করবে।
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে ভায়াডাক্টের (যার ওপর মেট্রোরেল চলবে) ওপর ট্রেন ওঠাতে যাচ্ছেন কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় বিদ্যুৎও প্রস্তুত আছে। সংশ্লিষ্টরা বলছেন, মেট্রো চালু হলে গণপরিবহনে ডিজেলের ব্যবহার কমবে, কমবে কার্বন নিঃসরণ।
খোঁজ নিয়ে জানা যায়, মেট্রোতে গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহের জন্য দিয়াবাড়ীতে ১৩২ কেভি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বাইরে মতিঝিলে একই ক্ষমতার আরেকটি উপকেন্দ্র নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে মেট্রোরেলের পিলারের ওপর থাকা স্প্যানে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। মেট্রোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করছে জাপানের মারুবেনি করপোরেশন ও ভারতের এল অ্যান্ড টি (লারেসেন অ্যান্ড টারবো)।
পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, মেট্রোরেল প্রকল্পের জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পসংশ্লিষ্টদের মেট্রোর কোথায় কোথায় সাবস্টেশন তৈরি করতে হবে তা বলে দিয়েছে। এর মধ্যে টঙ্গীতে আমরা এ ঠিকাদারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সাবস্টেশন তৈরি করে দিয়েছি। এ সাবস্টেশনের ক্ষমতা ১৩২ কেভি। আমাদের অংশের কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর মধ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর কিছু কাজ আছে।
যত দূর জানি সে কাজও শেষ। বিদ্যুৎ সরবরাহের কাজ করবে ডিস্ট্রিবিউশন এনটিটি। আমাদের সাবস্টেশন আগে থেকেই তৈরি করা আছে এখন সে জায়গা থেকে মেট্রোরেলের চাহিদা অনুযায়ী সুবিধা দেওয়া হবে বলেও তিনি জানান।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল) মোহা. আবদুস সালাম বলেন, পিজিসিবির ১৩২ কেভি লাইন যার ক্ষমতা ৮০ মেগাওয়াট এ বিদ্যুৎ দিয়েই চলবে মেট্রোরেল। এর কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। মেট্রোরেল চালানোর জন্য বিদ্যুৎসংক্রান্ত যে সনদ পাওয়ার কথা তা এরই মধ্যে পেয়ে গেছি।
ডিপিডিসির ব্যবস্থাপনা প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, মেট্রোরেলে বিদ্যুৎ ব্যবস্থাপনার কাজ ওরা নিজেরাই করছে। আমরা শুধু গ্রিড থেকে এ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব। আমরা কমলাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ করব।
-B










