মাঝ আকাশে উড়োজাহাজে আগুন, সন্দেহ পাওয়ার ব্যাংক নিয়ে

ঢাকাঃ অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া’র ‘ভিএ১৫২৮’ ফ্লাইটটি মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটনা সত্ত্বেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (২১ জুলাই) উড্ডয়নের পর অবতরণের কিছু আগে আচমকাই উড়োজাহাজটির ওভারহেড লকার থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন, এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হন।
ধারণা করা হচ্ছে, যাত্রীদের লাগেজে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যাগটি দ্রুত সরিয়ে নেওয়া হয়।
সবশেষে, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এবং এই ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা টিমগুলোকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গেছে।’’
হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে ম্যাট ককার বলেন, ‘‘সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন।’’ তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর।
তবে কী ভাবে বিমানে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যদি সত্যিই পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে, তা হলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে তাদের।
-B










