মাঝ আকাশে সংঘর্ষ, ভেঙে টুকরো দুই প্লেন
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষের পর দু’টি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। মূলত মাঝ আকাশে প্লেন দু’টির সংঘর্ষের পর উভয়ই মাটিতে ভেঙে পড়ে এবং বিধ্বস্ত হয়।
শনিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক এয়ারশোতে এই ঘটনা ঘটে। রোববার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্র বলছে, সংঘর্ষের পর একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা প্লেন বিধ্বস্ত হয়। প্লেন দুটিতে কতজন ছিল, সেটা এখনও নিশ্চিত জানা যায়নি।
ডালাসের মেয়র এরিক জনসন বলেন, এয়ার শো চলাকালীন আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও অনেক তথ্য জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।
মার্কিন আর্মি এয়ার ফোর্সেস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পল মার্টিন জানান, ফ্লাইং ফোর্ট্রেস মূলত একটি বোমারু প্লেন, যেটি ১০-১১ জন ক্রু বহন করতে পারে। এছাড়া কিংকোবরা একটি সিঙ্গেল পাইলট যুদ্ধপ্লেন।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের বেশিরভাগ প্লেনই সচল নেই। মানবিক এবং ঐতিহাসিক, উভয় দিক থেকেই এটি আমার জন্য হৃদয়বিদারক এক ঘটনা।
এদিকে, প্লেন দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
-B










