মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ভাড়া ৫ হাজার টাকা কমছে

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ বেশকিছু দেশে যাতায়াতকারী ফ্লাইটের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কোনো কোনো ফ্লাইটের ভাড়া হয়েছে প্রায় দ্বিগুণ। এমনিতেই গত দুই বছরে করোনার কারণে অনেক প্রবাসী কর্মী নিঃস্ব হয়েছেন, তারওপর দ্বিগুণ দামে টিকিট কিনতে গিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ৫ হাজার টাকা কমানো হচ্ছে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিভিন্ন পর্যায় থেকে টিকিটের ঊর্ধ্বমূল্যের প্রতিবাদের পর এ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকেই বিমানের ভাড়া কমানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে এটি বাস্তবায়নে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ভাড়া কমানোর পাশাপাশি সভায় প্রবাসী কর্মীদের সুবিধার্থে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো- প্রবাসী কর্মীদের চাপ থাকলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া অভিযোগ অনুযায়ী টিকিট সিন্ডিকেটে জড়িত ট্রাভেল এজেন্সিকে শনাক্ত করতে কাজ করবে পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
-B










